আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
এসময় তিনি সরকারের খাদ্য মজুদ সম্পর্কে বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ রয়েছে।
তথ্য উপদেষ্টা জানান, ৫ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। শিশুদের মননের বিকাশে স্কুলে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার, যা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে একটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে।
এছাড়া, এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, সরকার এই ঘটনার তদন্ত করছে। দোষীদের অবশ্যই গ্রেফতার করা হবে। এনসিপির আহ্বায়কের বক্তব্যকে তিনি রাজনৈতিক মন্তব্য হিসেবে উল্লেখ করেন।