সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, বরং এটি প্রাতিষ্ঠানিকও। এ মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।
সোমবার (৭ জুলাই) ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সার্ককে কার্যকর ও বাস্তবসম্মত আঞ্চলিক সংস্থায় পরিণত করতে কাজ করবে।
শামা ওবায়েদ আরও বলেন, সার্কের পুনরুজ্জীবনের জন্য রাজনৈতিক স্বদিচ্ছার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সার্কের সব সদস্য রাষ্ট্রের সাথে আলাদাভাবে যোগাযোগ করছে ঢাকা।
তিনি দাবি করেন, এই উদ্যোগে সবাই ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। বাংলাদেশের ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী, সার্ক ও বিমসটেক উভয়ের সাথে সম্পর্ক বজায় রাখার কথা জানান তিনি।