অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন।
মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কিছু ফার-রাইট উপাদানকে ‘মার্সেনারি’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি লেখেন, "খেলা শেষ, খোদা হাফেজ! রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে?"
তিনি আরও জানান, নির্বাচনী বৈতরণী পার করতে মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় এই ফার-রাইট এলেমেন্টগুলোকে ব্যবহার করা হচ্ছে।
মাহফুজ আলম বলেন, "গত দুই বছর ধরে কিভাবে এই ফার-রাইট এলেমেন্টগুলো মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো, তা নিয়ে আলোচনা হওয়া উচিত।"
তিনি বলেন, "আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র ও ডিজিটাল মবের বিরুদ্ধে কথা বলেছি। সামনের দিনগুলি সবার জন্য ‘রিকোনিং’ এর।"