চার মাস বন্ধ থাকার পর আজ রোববার থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট আবার চালু হয়েছে। দুপুর ১২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ২৬৮ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির।
মন্ত্রীরা জানান, এই ফ্লাইটের মাধ্যমে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।
এছাড়া, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনার জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্লাইটটি আবার চালুর খবরে প্রবাসীরা আনন্দিত।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা বলেন, “আমাদের প্রবাসী ভাই–বোনদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল ম্যানচেস্টার থেকে সিলেটে সরাসরি ফ্লাইটটি যেন আবার চালু হয়। মহান আল্লাহর অশেষ রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজকে সেই ফ্লাইট এখানে এসে পৌঁছেছে।”