সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মুন্সিগঞ্জ কারাগারে ক্যাশলেস লেনদেনের সূচনা, সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা

মুন্সিগঞ্জ কারাগারে ক্যাশলেস লেনদেনের সূচনা, সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা।

মুন্সিগঞ্জ কারাগারে ক্যাশলেস লেনদেনের সূচনা, সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা

মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’। এই উদ্যোগের মাধ্যমে দেশের কারা ব্যবস্থাপনায় একটি নতুন প্রযুক্তিনির্ভর অধ্যায়ের সূচনা হলো।

বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজিজ) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন রবিবার দুপুরে এই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে অন্যান্য কারাগারেও এটি চালু করার পরিকল্পনা রয়েছে।

আইজি প্রিজনস জানান, বন্দিদের মানসিক সুস্থতা ও পারিবারিক সম্পর্ক বজায় রাখতে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। বন্দিরা নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বজনদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে পারবেন।

নতুন ক্যাশলেস ব্যবস্থায় বন্দিদের সব আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। এর ফলে কারাগারের অভ্যন্তরে নগদ অর্থের ব্যবহার বন্ধ হবে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

প্রতিটি বন্দির জন্য পৃথক ডিজিটাল অ্যাকাউন্ট ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড থাকবে। বন্দির আত্মীয়-স্বজনরা কারাগারে এসে অর্থ জমা দিলে তা সরাসরি সংশ্লিষ্ট বন্দির ডিজিটাল অ্যাকাউন্টে যুক্ত হবে।

কারা কর্তৃপক্ষ জানায়, আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্তকরণ ও নিরাপত্তা তদারকি আরও সহজ হবে। এতে নিরাপত্তা জোরদার হবে এবং অনিয়মের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মুন্সিগঞ্জ জেলা কারাগার দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে যাত্রা শুরু করেছে, যা কারা ব্যবস্থাপনার আধুনিকায়নে নতুন নজির স্থাপন করেছে।

বিজ্ঞাপন