শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে এবং শিক্ষকদের জীবনমান ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকার কাজ করবে।
শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বর্তমান কাঠামোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়।