ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ছাড়া তার চেয়ে বেশি অভিজ্ঞ বা যোগ্য আর কোনো কোচ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবে তিনি নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর আনচেলত্তির কৌশল ও সিদ্ধান্তের প্রশংসা শুরু হয়। ম্যাচের আগে তাকে নিয়ে সমালোচনা হলেও জয়ের পর অনেক সমালোচক তাদের অবস্থান বদলান।
ফোলহা দে সাও পাওলোকে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, 'আমি ১ হাজার ৪০০টিরও বেশি ম্যাচের জন্য দল প্রস্তুত করেছি। ফুটবল বোঝার জন্য এটুকু যথেষ্ট কি না জানি না, তবে এটুকু নিশ্চিত যে এটি বিশাল অভিজ্ঞতা।' তিনি আরও বলেন, 'কেবল একজন মানুষেরই আমার চেয়ে বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে, তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন।'
নরওয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তি সতর্ক। তিনি বলেন, 'নরওয়ে শারীরিকভাবে শক্তিশালী এবং রক্ষণভাগে অত্যন্ত সংগঠিত। তাদের আক্রমণ বিশেষ করে কর্নার ও ফ্রি-কিক থেকে বড় হুমকি।'
বিশ্বকাপে আসা ব্রাজিলিয়ান তারকা নেইমার প্রথম দুই গ্রুপ ম্যাচ খেলতে পারেননি। তবে আনচেলত্তি জানান, তিনি এখন পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট। তিনি বলেন, 'সে অবশ্যই খুশি নয়। কিন্তু বিষয়টি খুব ভালোভাবে মেনে নিয়েছে এবং দারুণ অনুশীলন করছে।'
আনচেলত্তির অধীনে ব্রাজিলের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। তিনি বলেন, 'এখন দলে এমন এক শান্ত পরিবেশ তৈরি হয়েছে, যা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।'
জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ব্রাজিল শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। রবিবার নরওয়ের বিপক্ষে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো অথবা ইংল্যান্ডের।