ভোজ্যতেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার, যদি নজরদারি নিশ্চিত হয়। এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি শুক্রবার বিকেলে সিলেটের সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী জানান, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩০টি পণ্য নিয়ে একটি এআই মডেল তৈরি করা হচ্ছে। এই মডেলটির মাধ্যমে বাজারের নজরদারিকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপান্তরিত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে রপ্তানি নিম্নমুখী হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হলে রপ্তানি আবার বাড়বে।
সরকার জ্বালানি সংক্রান্ত কারণে সমস্যায় থাকা শিল্পকারখানাগুলোকে ২৪ ঘণ্টা সচল রাখতে কাজ করছে, যাতে রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করা যায়।
এ সময় সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এবং সদর উপজেলার নির্বাহী অফিসারসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।