অধিকৃত পশ্চিম তীরে রামাল্লাহর উত্তর-পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় অন্তত একজন বৃদ্ধ ফিলিস্তিনি আহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার জানায়, আল-বুদুদ এলাকায় স্থানীয় ফিলিস্তিনি ভূমির মালিক এবং আন্তর্জাতিক সংহতি আন্দোলনের কর্মীরা কৃষিজমিতে প্রবেশের উদ্দেশ্যে একটি পদযাত্রা শুরু করেছিলেন।
সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় জমির মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তবে আবু ফালাহ গ্রাম ও তুরমুস আইয়া শহরের মধ্যবর্তী সড়কে হামলার শিকার হন পদযাত্রাকারীরা। হামলাকারীরা তাদের কৃষিজমিতে পৌঁছাতে বাধা দেয়।
হামলার সময় আন্তর্জাতিক সংহতি আন্দোলনের কয়েকজন কর্মীর ওপর মরিচের গুঁড়া (পেপার স্প্রে) ছিটানো হয়। ঘটনাটি এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।