শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেবে না ইরান

হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

হরমুজে বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেবে না ইরান

হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। শনিবার (৪ জুলাই) ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ সতর্কবার্তা দেন, যখন যুক্তরাজ্য ও ফ্রান্স এই কৌশলগত জলপথে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের প্রস্তুতির কথা জানান।

গারিবাবাদি বলেন, 'হরমুজ প্রণালি বাইরের শক্তিগুলোর সামরিক শক্তি প্রদর্শনের জায়গা নয়।' তিনি উল্লেখ করেন, ইরান এই জলপথের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল শক্তি এবং নিরাপত্তার নিশ্চয়তাকারী হিসেবে কাজ করছে এবং যেকোনো বিদেশি সামরিক তৎপরতার বিরুদ্ধে সতর্ক করছে।

তিনি আরও বলেন, 'হরমুজ প্রণালির নিরাপত্তা উপকূলবর্তী রাষ্ট্রগুলোর দায়িত্ব। যারা সংকট সৃষ্টি করবে, তাদের দুঃসাহসিক পদক্ষেপের পরিণতির দায়ও তাদেরই বহন করতে হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।'

গারিবাবাদির এই মন্তব্যের প্রেক্ষাপট হলো যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ ঘোষণা, যেখানে তারা হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে বৃহত্তর বহুজাতিক সামরিক মিশন মোতায়েনে প্রস্তুতির কথা জানিয়েছে। দুই দেশ ওমানের আঞ্চলিক জলসীমায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানায়।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত। এই প্রণালি দিয়েই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়, ফলে এখানে যেকোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন