শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সেনেগালের বিদায়ে পাপে গুইয়ের জাতীয় দল থেকে বিরতি

সেনেগালের পাপে গুইয়ে বিশ্বকাপের পর জাতীয় দলের জন্য বিরতির ঘোষণা দিয়েছেন।

সেনেগালের বিদায়ে পাপে গুইয়ের জাতীয় দল থেকে বিরতি

বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু থেকে সেনেগালের নাটকীয় বিদায়ের পর জাতীয় দল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন দলের তারকা মিডফিল্ডার পাপে গুইয়ে। তিনি জানিয়েছেন, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় সেনেগালের হয়ে আর খেলবেন না।

বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, "বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে পরে আরও কিছু বলবো। তবে আজই জানিয়ে দিচ্ছি, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।"

সেনেগাল রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। নির্ধারিত সময়ে হাবিব দিয়ারা ও ইসমাইলা সার গোল করে সেনেগালকে এগিয়ে রেখেছিল। তবে পরে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্স গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বিতর্কিত এক পেনাল্টি পায় বেলজিয়াম। ১২৫তম মিনিটে সেই স্পট-কিক থেকে জয়সূচক গোল করেন টিলেমান্স। গুইয়ে ম্যাচের শুরুর একাদশে ছিলেন, তবে ৬৬তম মিনিটে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় লামিন কামারাকে।

বর্তমানে স্পেনের ভিয়ারিয়ালের হয়ে খেলা গুইয়ে সেনেগালের জার্সিতে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে জয়ে দুটি গোলও করেন।

সেনেগালের কোচ পাপে থিয়াও ২০২৪ সালের ডিসেম্বর থেকে দায়িত্বে রয়েছেন। তার কোচিং মেয়াদে এর আগেও বিতর্কের জন্ম হয়েছে। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনস-এর ফাইনালে মরক্কোকে শেষ মুহূর্তে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে তিনি দলকে মাঠ থেকে তুলে নেন।

প্রায় ১৭ মিনিট পর খেলোয়াড়রা মাঠে ফিরলেও মরক্কোর পেনাল্টি ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক এবং পরে অতিরিক্ত সময়ে গুইয়ের গোলে জয়ের আনন্দে মাতে সেনেগাল। তবে পরবর্তীতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ম্যাচের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বর্তমানে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট-এ আপিল করেছে সেনেগাল।

বিজ্ঞাপন