যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোর মধ্যে চীন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ভূরাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া গ্রুপ।
প্রতিবেদন অনুযায়ী, চীন জ্বালানি মজুদ, নবায়নযোগ্য জ্বালানিতে ব্যাপক বিনিয়োগ এবং বৈশ্বিক নবায়নযোগ্য প্রযুক্তির সরবরাহ ব্যবস্থায় শক্তিশালী অবস্থানে রয়েছে। এই কারণে দেশটি সংকটের ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে এবং অর্থনৈতিকভাবে লাভবানও হয়েছে।
চীন দীর্ঘদিন ধরে কৌশলগত জ্বালানি বাফার বা মজুদ গড়ে তুলেছে। গ্লোবাল এনার্জি পলিসি সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে চীনের দৈনিক অপরিশোধিত তেল আমদানি ১ কোটি ১১ লাখ ব্যারেল থেকে বেড়ে ১ কোটি ১৬ লাখ ব্যারেলে পৌঁছাবে।
বিশ্লেষণে আরও বলা হয়, অতিরিক্ত আমদানির ৮০ শতাংশের বেশি সরাসরি কৌশলগত মজুদ হিসেবে সংরক্ষণ করা হয়। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে যে পরিমাণ তেল মজুদ ছিল, তা দিয়ে কোনো আমদানি ছাড়াই ১০৪ দিন চলবে।