শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার প্রস্তুতি, অংশগ্রহণের সংখ্যা বিপুল

ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজায় ৩ কোটি ৫০ লাখ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা।

ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার প্রস্তুতি, অংশগ্রহণের সংখ্যা বিপুল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন উপলক্ষে তেহরানে প্রায় ২ কোটি এবং দেশজুড়ে ৩ কোটি ৫০ লাখ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ৯০টির বেশি দেশের প্রতিনিধি এবং ১৪ হাজার সাংবাদিকও এতে অংশ নেবেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

যদি এই সংখ্যা বাস্তবায়িত হয়, তাহলে এটি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নেওয়া আনুমানিক ১ কোটি ২ লাখ মানুষের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। খামেনির দাফনের আগে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি চলছে। আগামী ৯ জুলাই তাকে দাফন করা হবে, যা ঘিরে বড় ধরনের জনসমাগমের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

১৯৮৯ সালের ৬ জুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় লাখো মানুষ অংশ নেন, কিন্তু প্রচণ্ড ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং প্রায় ১১ হাজার মানুষ আহত হন। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আকাশে গুলি ছোড়ে, তবে ভিড় কমেনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় জানাজা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হয়, প্রায় ১ কোটি ২ লাখ মানুষ অংশ নিয়েছিলেন, যা সে সময় ইরানের জনসংখ্যার প্রায় এক-ষষ্ঠাংশ।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩৬ বছর ৬ মাস তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে ছিলেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি এক হামলায় তিনি নিহত হন।

বিজ্ঞাপন