দীর্ঘ বিরতির পর আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার (১ জুলাই) সকাল থেকে সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি স্থানীয়দের।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের তীব্রতাও বাড়তে থাকে। বিশেষ করে নাফ নদী তীরবর্তী সাবরাং, শাহপরীর দ্বীপ ও হ্নীলা এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ঘাঁটি পুনর্দখলে অভিযান চালাচ্ছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিজিবির রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ওপার থেকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত পর্যন্ত থেমে থেমে একাধিক বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যাতে এই পরিস্থিতির সুযোগে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে।