মিয়ানমারে একটি খনিজ গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় শান রাজ্যে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছে। তবে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানায়, বিস্ফোরক পদার্থের কারণে এই ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এএফপির উদ্ধৃতিতে বলা হয়, বিস্ফোরণের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রাণহানি ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন। তাদের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলি তাদের কার্যক্রম পরিচালনার জন্য খনিজ উত্তোলনের ওপর নির্ভরশীল। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে খনি ধসসহ বিভিন্ন দুর্ঘটনা সেখানে প্রায়ই ঘটে থাকে।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর বিশাল একটি গর্ত, ভেঙে পড়া ভবন, পোড়া ধ্বংসাবশেষ এবং মোচড়ানো গাছপালা দেখা গেছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, প্রথমে অনেকেই ধারণা করেছিলেন এটি বিমান হামলার কারণে ঘটেছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুরো একটি গ্রামকে প্রভাবিত করেছে।