ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উঠেছে। ইরান ইন্টারন্যাশনালের তথ্যমতে, পেজেশকিয়ান রোববার (৩১ মে) সর্বোচ্চ নেতার কার্যালয়ে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে তেহরান এই পদত্যাগের খবর অস্বীকার করেছে এবং একে 'মিডিয়া গেইম' হিসেবে অভিহিত করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরান ঐক্য ও সংহতির পথে অবিচল থাকবে।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন, ইরানের সরকার ও সামরিক-নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। পশ্চিমা গণমাধ্যমও এই দাবির পক্ষে বিভিন্ন খবর প্রচার করছে।
ইরান ইন্টারন্যাশনাল পূর্বে জানিয়েছিল যে, ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করে দিয়েছে এবং সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। এর ফলে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে পেজেশকিয়ানের প্রশাসনে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পেজেশকিয়ান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনির কাছে চিঠি পাঠিয়ে পদত্যাগের অনুমতি চেয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সরকারকে কার্যত বাইরে রাখা হয়েছে।
এদিকে, প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেছেন, বিদেশি গণমাধ্যমের খবরগুলো 'মিডিয়া গেইম'। তিনি দেশের অভ্যন্তরে বিভক্তি নিয়ে চলমান জল্পনাকল্পনাও প্রত্যাখ্যান করেন।
মেহদি তাবাতাবায়ি আরও বলেন, পেজেশকিয়ান কখনও ইরানের জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না।