রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনরুদ্ধারে মার্কিন কৌশলের সীমাবদ্ধতা প্রকাশ

ইরান ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনরুদ্ধার করে মার্কিন কৌশলের সীমাবদ্ধতা প্রকাশ করেছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনরুদ্ধারে মার্কিন কৌশলের সীমাবদ্ধতা প্রকাশ

ইরান আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জনের পথে রয়েছে, যেহেতু সম্প্রতি চাপা পড়ে যাওয়া অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা মার্কিন বোমা হামলা কৌশলের সীমাবদ্ধতাও সামনে এনেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক সপ্তাহের হামলায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ এবং সংযোগ সড়ক ধ্বংস করা হয়েছিল, ফলে এসব ঘাঁটিতে প্রবেশ ও অস্ত্র ব্যবহারের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সাধারণ নির্মাণযন্ত্র ব্যবহার করে ইরান দ্রুত ক্ষতিগ্রস্ত টানেল ও প্রবেশপথ পুনরুদ্ধার করছে।

যুদ্ধ চলাকালে প্রবল ঝুঁকি নিয়েও টানেলের প্রবেশপথ খনন ও পরিষ্কারের কাজ চালিয়ে যায় ইরান। সিএনএনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ১৮টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ৬৯টি টানেল প্রবেশপথের মধ্যে ৫০টি পুনরায় চালু করেছে।

জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লেয়ার বলেন, 'ইরানের হাতে এখনো বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর ব্যবহার ঠেকানোর মতো কোনো বাধা নেই।'

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র শন পারনেল সিএনএনের অনুসন্ধান নিয়ে সরাসরি মন্তব্য না করে আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এবং প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যেকোনো সময় ও স্থানে অভিযান পরিচালনার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে।'

বিশেষজ্ঞদের ধারণা, ইরান ২০ বছর ধরে এ ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে এবং তারা আগের তুলনায় আরও বেশি প্রস্তুত। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, যুদ্ধের সময় বন্ধ হওয়া টানেল প্রবেশপথ পুনরায় চালু করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত সড়কও মেরামত করা হচ্ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরায় সচল হওয়ায় ইরানের সামরিক হুমকি নতুন করে জোরালো হতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র অস্ত্রের মজুত কমে আসছে।

বিজ্ঞাপন