মার্কিন নৌ অবরোধ ভাঙতে ইরান বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে ইরানের।
বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও নৌ অবরোধের নামে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধ চ্যালেঞ্জ করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।
এ প্রসঙ্গে বাঘাই বলেন, মার্কিন হুমকি ইরানকে আরও ঐক্যবদ্ধ করবে। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের শক্তি উল্লেখ করেন।
আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেয়ার কথাও জানান।
এছাড়া, তেহরান মার্কিন ভূখণ্ডে ডার্টি বোমা হামলার পরিকল্পনার অভিযোগকে যুদ্ধের দায় এড়ানোর কৌশল হিসেবে দাবি করেছে।