লিবিয়ার বেনগাজি বন্দরে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ড্রোন হামলায় ডুবে গেছে। ইউক্রেনের সামুদ্রিক সি-ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় নৌবাহিনী জানায়, যুদ্ধজাহাজটির নাবিক ও কর্মীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জ্বালানি সংগ্রহ ও রসদ সরবরাহের জন্য মারকুরি নামের রুশ নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজটি বেনগাজি বন্দরে নোঙর করা ছিল। হামলায় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। স্থানীয় কর্মকর্তাদের মতে, জাহাজটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত চারটি ড্রোন প্রতিহত করা হয়, কিন্তু দুটি ড্রোন সরাসরি আঘাত হানে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটায়।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভূমধ্যসাগরে এই হামলা চলমান যুদ্ধের ভৌগোলিক পরিধি সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।