বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজধানীর আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত অপর নেতা

রাজধানীর আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, অপর নেতা গুরুতর আহত।

রাজধানীর আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত অপর নেতা

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে দুই বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জুন ব্রাজিল-জাপান ম্যাচকে কেন্দ্র করে দুইপক্ষের বিবাদ এবং তা মীমাংসার জন্য বুধবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

সালিশি বৈঠক চলাকালে স্থানীয় কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বিএনপির দুই নেতার উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবুল বাশার। তাদের প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আবুল বাশার মারা যান।

বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন যে, হামলাকারীরা রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে পরিচিত। তারা জানান, সাদ্দাম হামলার আগে থানায় অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং তাদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতির বিষয়ে মীমাংসার জন্য সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তিনি জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন