বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম বন্ধের প্রস্তাব মাহফুজ আলমের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম বন্ধের প্রস্তাব করেছেন মাহফুজ আলম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম বন্ধের প্রস্তাব মাহফুজ আলমের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স (স্নাতক) প্রোগ্রাম বন্ধের বিষয়ে ভাবনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বুধবার (১ জুলাই) তার ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে একটি পোস্টে এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় চার-পাঁচ প্রজন্ম মধ্যবিত্ত শ্রেণি উপহার দিয়েছে। এখন ফেইজ বাই ফেইজ কিভাবে আগামী কয়েক বছরের মধ্যে অনার্স প্রোগ্রাম বন্ধ করে দেয়া যায়, সে নিয়ে ভাবতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক ও গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে, যেখানে কেবল মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালু থাকবে।

তিনি জানান, দেশের কন্সটিটিউয়েন্ট কলেজগুলো থেকে পড়াশোনা করে যেকেউ 'গর্বিত' ঢাবিয়ান হতে পারবে। মাহফুজ আলম বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও সেন্টারগুলো পুনর্গঠন করতে হবে। গবেষক শিক্ষার্থীরা বৃত্তি পাবেন এবং রাষ্ট্রের চাহিদা অনুযায়ী গবেষণা পরিচালিত হবে।"

জাতীয়তাবাদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও বাংলা ভাষার উপর বিশেষ নজর দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ভাষা শিক্ষাকে বিশেষায়িত করতে হবে এবং ইতিহাস চর্চার সাথে সমাজবিদ্যার যোগ ঘটাতে হবে।"

শিক্ষক রাজনীতি বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, "ছাত্র রাজনীতি হবে ডাকসু নির্ভর। শিক্ষক ও গবেষণা সহকারী নিয়োগের ক্ষেত্রে মেধা ও পারফরমেন্সের ভিত্তিতে কাজ করতে হবে।"

পুরান ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে আলাদা প্রশাসনিক ইউনিটে নিয়ে আসার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, "এটাকে বিশ্ববিদ্যালয় ও হেরিটেজ সিটি ঘোষণা করতে হবে।" তিনি নতুন ভবন নির্মাণ, গাছ কাটা এবং জলাশয় ভরাটের বিরোধিতা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সকল এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন