রাজধানী ঢাকায় ডিসেম্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন হবে।
১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মেলা। এতে অংশ নেবে দেশি-বিদেশি ২৫০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে।
আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং উইমেন এম্পাওয়ারমেন্ট বিভাগের চিফ ফ্যাসিলিটেটর জিন্নাত আরা বারী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার বিভিন্ন ব্র্যান্ড এতে অংশ নেবে।
ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম।’
শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি ডিসকাউন্টভিত্তিক আয়োজন হতে যাচ্ছে। এখানে দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বিশেষ মূল্যে পাওয়া যাবে।’
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে জিন্নাত আরা বারী বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তারা সম্ভাব্য ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার সুযোগ পাবেন।’
আগামী ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং করলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্যছাড় সুবিধা পাবে। ঢাকার আয়োজন সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।