চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
সাব্বির আলম জানান, সোমবার দিবাগত রাত ২টায় পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাটের কাছে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাসকৃত প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি ও ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য ও সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে, বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।