কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে মো. সজিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া শ্মশানখলা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সজিব উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের পূর্ব উত্তরপাড়া এলাকার মো. শরীফ মিয়ার ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সজিবের বাবা-মা বাড়িতে না থাকায় সে ফুফুর বাড়ীতে অবস্থান করছিলো।
মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে বাঁশের সাঁকো পার হয়ে রাস্তায় যাওয়ার চেষ্টা করলে পা পিছলে খালে পড়ে যায়। পরে পানিতে ভাসতে থাকা সজিবের একটি জুতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
তবে, তার সন্ধান মেলেনি। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর, দুপুর ১টার দিকে সাঁকো থেকে ৫০ গজ দূরে খালের পানির নিচ থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।