শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে

ভেনেজুয়েলায় দুইটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে দেশটি। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ভূমিকম্প দুটির ফলে এ পর্যন্ত ১৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাসের কাছে ১৩ দশমিক ২ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫। বিশ্লেষকরা জানান, দ্বিতীয় ভূমিকম্পটির শক্তি প্রায় ১০০ মিলিয়ন টন টিএনটি বোমার সমান।

শক্তিশালী ভূমিকম্পের দুলুনি রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো ও ফ্যালকন অঙ্গরাজ্যে ব্যাপকভাবে অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকাস, মিরান্ডা ও লা গুয়াইরা অঞ্চল।

সরকার পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত রয়েছে।

ভূমিকম্পের পর আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও সড়কে আশ্রয় নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের পর থেকে ২০টির বেশি আফটারশক অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন ৩ থেকে ৫ মাত্রার আফটারশক অব্যাহত থাকতে পারে।

যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। ব্রাজিল, পানামা, ইকুয়েডর, এল সালভাদরসহ লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ সহায়তার আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন