কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।
দাবানলের আকার দ্রুত দ্বিগুণ হয়ে যাওয়ায় প্রদেশটির দক্ষিণের বিভিন্ন এলাকায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই দাবানল প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
সামারল্যান্ড শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাসিন্দাদের পানি ফুটিয়ে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। শহরের মেয়র পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন।
বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়ায় প্রায় দেড় হাজার ফায়ার সার্ভিস কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার জানিয়েছে, চলতি বছরে কানাডাজুড়ে প্রায় ৪০ লাখ হেক্টর বনভূমি দাবানলে পুড়ে গেছে।
এদিকে, দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে স্পেন ও সার্বিয়াতেও।