ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট ও একই পরিবারের তিন কলম্বিয়ান নারী রয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুর্ঘটনাটি ঘটে।
হেলিকপ্টারটি রিওর বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাচ্ছিল। এই এলাকা শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের ওপর আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এসব ফ্লাইট এক বা দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। মেয়র সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
দুর্ঘটনাটি তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকায় ঘটে, যা একটি জনপ্রিয় পর্যবেক্ষণ স্থান। রিও ডি জেনেইরোয় নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ জানিয়েছেন, নিহত তিন নারী একই পরিবারের সদস্য।
তারা একজনের জন্মদিন উদযাপন করতে রিওতে এসেছিলেন। পরিবারের মোট ছয়জন সদস্য দুই দলে ভাগ হয়ে হেলিকপ্টারে ওঠেন। দুর্ঘটনায় ওই মেয়েটির দাদি, খালা ও এক কাজিন নিহত হয়েছেন।
এটি রিও ডি জেনেইরোতে দুই মাসের মধ্যে দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত হন।