কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল এক রাতের মধ্যে দ্বিগুণ আকার ধারণ করেছে, যার ফলে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার (৮ আগস্ট) দাবানল ৯ হাজার হেক্টরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ কলাম্বিয়ার ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রদেশের হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বর্তমানে পুরো প্রদেশে ১০০টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে।
তীব্র গরম, প্রবল বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার কারণে দাবানলের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার রাতে সামারল্যান্ডের ১২ হাজার মানুষের বসবাসকারী পুরো এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। পাশের পিচল্যান্ড ও আশপাশের ৮ হাজার মানুষকেও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
প্রিমিয়ার ডেভিড ইবি জানিয়েছেন, দাবানলের কারণে কয়েকজন বাসিন্দা আটকা পড়েছিলেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। ফায়ার লাইনের পেছনের এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। তিনি বলেন, ‘মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’
শুক্রবার সন্ধ্যায় বাল্ড রেঞ্জের দাবানলের খবর পাওয়া যায় এবং এরপর আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। একটি ছোট্ট সম্প্রদায় ফাউল্ডার আগুনের কবলে পড়ার পর মাত্র ১৫ কিলোমিটার পথ পেরিয়ে সামারল্যান্ডের দিকে অগ্রসর হয়।
সাম্প্রতিক মাসগুলোতে কানাডা ও যুক্তরাষ্ট্রে রেকর্ড তাপপ্রবাহের সৃষ্টি হওয়ায় দাবানলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অতিরিক্ত তাপে গাছপালা শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
এছাড়া, ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যেও চলতি মাসে বড় ধরনের দাবানল দেখা দিয়েছে, যার ফলে পুরো অঞ্চলের বায়ুর মান খারাপ হয়েছে।