দক্ষিণ গাজার রাফাহ এলাকায় পুনর্গঠনকাজ শুরুর অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক কোনো ঘোষণা ছাড়াই রাফাহতে পুনর্গঠনকাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। গাজায় চলমান যুদ্ধ প্রায় তিন বছরে গড়ানোর মধ্যে এবং উপত্যকাটিতে বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, প্রতিবেদনে 'তথ্য বিকৃত করা হয়েছে এবং পুরোনো তথ্য নতুন করে উপস্থাপন করা হয়েছে'।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতে, রাফাহতে যে কাজ চলছে, সেটি সংযুক্ত আরব আমিরাতের একটি পরীক্ষামূলক প্রকল্প। কয়েক মাস আগে শুরু হওয়া ওই প্রকল্পটি 'ইয়েলো লাইন'-এর গভীরে, হামাসের নিয়ন্ত্রণের বাইরে একটি তাঁবু কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে নেওয়া হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, ওই এলাকায় থাকা 'সশস্ত্র অবকাঠামো' ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও পানি সরবরাহের কাজ ইসরায়েলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে, বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে নয়।
এদিকে, গত মাসে দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছিল, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রবেশ এবং ফিলিস্তিনিদের জন্য একটি পরীক্ষামূলক মানবিক অঞ্চল চালুর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অব পিস'-এর প্রস্তাবের ভিত্তিতে ওই পরিকল্পনা নেওয়া হয়েছে।