রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, এর মধ্যে শিশুরাও রয়েছেন। এ ঘটনায় আরও ৩৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
হামলাটি ঘটে তাতারস্তানের নিজনেকামস্ক শহরে, যা ইউক্রেনের সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। শহরটিতে কয়েকটি বড় তেল শোধনাগার এবং একটি পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে। স্থানীয় সূত্র জানায়, হামলাটি রাতভর কয়েক ঘণ্টা ধরে চলেছিল এবং সকাল পর্যন্ত অব্যাহত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আকাশে ধোঁয়া ও আগুনের বড় কুণ্ডলী দেখা গেছে। হামলার সময় বিমান হামলার সাইরেনও বাজছিল। তবে হামলার লক্ষ্য কী ছিল, তা এখনও রাশিয়া আনুষ্ঠানিকভাবে জানায়নি।
কিয়েভ সম্প্রতি রাশিয়ার যুদ্ধের জন্য অর্থ ও সরবরাহ জোগায় এমন স্থাপনায় হামলা বাড়িয়েছে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, হামলায় বেসামরিক মানুষও নিহত হয়েছেন এবং শিল্পকারখানার পাশাপাশি আবাসিক এলাকাও আক্রান্ত হয়েছে।
রাশিয়া দাবি করেছে, রাতভর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তাতারস্তানের প্রধান রুস্তাম মিনিখানভ হামলার বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শোক পালনের সময় ঘোষণা করেছেন।