শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে চীনের পূর্বাঞ্চলে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝড়টি আঘাত হানার আগে সাংহাইসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে চীনা কর্তৃপক্ষ।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে প্রথমবারের মতো স্থলভাগে আঘাত হানে টাইফুন ডলফিন। সে সময় ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
ঝড়ের প্রভাবে পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাংহাইতেই প্রায় ১ হাজার ৪শ'টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন রুটের পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। চীনা কর্তৃপক্ষ পূর্বে সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল।
ঝড়টি চীনের অভ্যন্তরীণ ভূখণ্ডের দিকে এগিয়ে যাওয়ায় বিপদ পুরোপুরি কাটেনি। আগামী বুধবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু, ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়ের কারণে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর অনেকগুলোও বন্ধ রাখা হয়েছে, যার মধ্যে ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশ এবং সাংহাইয়ের দ্য বান্ড এলাকার বেশ কয়েকটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম রয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সাংহাইয়ের সাবেক ফরাসি কনসেশন এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নিচতলা পানিতে তলিয়ে গেছে। রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় মানুষকে পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা যায়।
এদিকে, ঝড়ের মধ্যে ঝেজিয়াংয়ের ওয়েনলিং শহরের ৯ বছর বয়সী এক শিশু সাগরে ভেসে যাওয়ার পর নিখোঁজ হয়েছে। তবে চীনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর দেয়নি।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে ঝেজিয়াংয়ের কোনো কোনো এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঝড় ও বন্যার মধ্যে আশ্রয় নেওয়া মানুষের সুবিধার্থে ঝেজিয়াংয়ের রাজধানী হাংঝৌতে সব সরকারি পার্কিং এলাকায় গাড়ি রাখার ফি মওকুফ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঝেজিয়াংয়ের ওয়েনঝৌতে প্রায় ৯ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপকূলীয় ফুজিয়ান প্রদেশে কয়েক ডজন যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ করেছে সামুদ্রিক কর্তৃপক্ষ।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন ডলফিন স্থলভাগে আঘাত হানার আগে প্রায় ৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে। এ ধরনের তথ্য ছড়ানোর অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে।