ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে গেছেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি।
মারফি দাবি করেন, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে এবং ইরান শক্তিশালী হচ্ছে। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে। ইরান শক্তিশালী হচ্ছে।’
সিনেটর মারফি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য একটি ‘খারাপ চুক্তিতেও’ সমর্থন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে।’
মারফি উল্লেখ করেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা থমকে থাকায় গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার খরচ দিন দিন বাড়ছে। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন বলেও জানান।
তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার জন্য অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন। মারফির বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার পাশাপাশি দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব বাড়তে পারে।