ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস কেঁপে ওঠে। ভূমিকম্পের ফলে বহু ভবন ধসে পড়ে এবং প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৪ জন, আহত হয়েছেন ৯৭১ জন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের সন্ধানে কাজ করছেন। দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ভূমিকম্পের পর জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং বাসিন্দাদের ঘরবাড়ি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাস্থলে ৫০০-এরও বেশি জরুরি কর্মী উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন।
ভেনেজুয়েলা ভূমিকম্পপ্রবণ এলাকা হলেও সেখানে বড় ভূমিকম্পের ঘটনা তুলনামূলকভাবে কম ঘটে। দেশটি দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় টেকটোনিক প্লেটের কাছাকাছি অবস্থিত।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলার প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত।