শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নবায়নযোগ্য জ্বালানিতে বাজেটে কম বরাদ্দ, সানেমের উদ্বেগ

সানেমের মতে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেটে বরাদ্দ কম।

নবায়নযোগ্য জ্বালানিতে বাজেটে কম বরাদ্দ, সানেমের উদ্বেগ

প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দের পরিমাণ খুবই সামান্য। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণা সংস্থা সানেম জানায়, বিদ্যুৎ বিভাগের মোট উন্নয়ন ব্যয়ের মাত্র আড়াই শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

সানেমের চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকার বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হলেও বাজেটে এ খাতে বরাদ্দ ও প্রণোদনা অপর্যাপ্ত। তিনি উল্লেখ করেন, কর-সুবিধা সীমিত হওয়ায় অনেক অংশীজন বাইরে রয়ে গেছে।

এছাড়া, কয়লা ও তেলভিত্তিক প্রকল্প সম্প্রসারণ দীর্ঘমেয়াদে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে পারে। সানেমের উদ্বেগের মধ্যে রয়েছে, ব্যাটারির কাঁচামালে শুল্ক সুবিধা দ্রুত তুলে নেওয়ার পরিকল্পনা এ শিল্পের দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে।

পরিবেশবান্ধব অর্থনীতির দিকে অগ্রসর হতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামী অর্থবছরের বাজেটে বেশকিছু লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মধ্যে আমদানি নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে ২০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রথমবারের মতো সৌরশক্তি ও বৈদ্যুতিক যানবাহন খাতে বিশেষ শুল্ক ও কর-সুবিধা দেওয়া হয়েছে। তবে সানেমের মতে, এ খাতের বরাদ্দ এখনও খুবই কম। নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে বেগবান করতে বেশকিছু সুপারিশ করেছে সানেম, যার মধ্যে এডিপিতে বরাদ্দ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ রয়েছে।

গবেষকরা গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদও দিয়েছেন।

বিজ্ঞাপন