বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে বাংলা কিউআর কোড ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। আগামী ১ জুলাই থেকে সারাদেশে এই কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সামনে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, সব ধরনের গ্রাহক এই কিউআর কোড ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
ক্যাম্পেইনটি লেনদেনকে আরও স্বচ্ছ, সহজ ও নিরাপদ করার লক্ষ্যে চালু করা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, এর ফলে টাকা ছাপানোর খরচ কমবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন রিটেইল শপ, যেমন স্বপ্ন ও আগোরা, অংশগ্রহণ করেছে।