প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ‘বিশেষ অ্যাকাউন্ট’ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকার অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা। এ হিসাবে রাখা আমানত ও মুনাফা বিদেশে নেয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সব তফসিলি ব্যাংক ও অফশোর ব্যাংকিং ইউনিটকে এ সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর লক্ষ্য হল প্রবাসী আয়ের অর্থ আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করা।
নতুন ব্যবস্থায়, ব্যাংকিং চ্যানেলে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিনিময়যোগ্য টাকার হিসাব খুলতে পারবেন। হিসাবটি সেভিংস, কারেন্ট বা ফিক্সড ডিপোজিট যেকোনো ধরনের হতে পারবে।
এই বিশেষ অ্যাকাউন্টে অন্য অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব থেকে স্থানান্তর করা অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগ থেকে পাওয়া আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত এবং বৈদেশিক মুদ্রা বিষয়ক অনুমোদিত অর্থ জমা রাখা যাবে।