এক মাসের ব্যবধানে টাকার বিপরীতে মার্কিন ডলারের মান ১ টাকার বেশি বেড়েছে। বর্তমানে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১২৪ টাকায় উঠেছে। তবে ব্যাংকগুলো খোলা বাজারে এর চেয়ে বেশি দামে ডলার বিক্রি করছে, যেখানে দাম ১২৮ টাকা ছাড়িয়েছে।
বাজারে ডলারের দর বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে বিক্রি করা হয়েছে।
এদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট চাহিদা ছিল ৮০ কোটি ডলার, যা জ্বালানি তেল ও গ্যাস আমদানির এলসি নিষ্পত্তি করতে গিয়ে ব্যাংকগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই চাপের কারণেই টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়েছে।
বুধবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল ১২৩ টাকা ৯৮ পয়সা, সর্বনিম্ন দরও ছিল ১২৩ টাকা ৯৮ পয়সা। এ হিসাবে গড় দাম ছিল ১২৩ টাকা ৯৮ পয়সা। গত ১৯ অক্টোবর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের গড় দাম ছিল ১২৩ টাকা ৬৫ পয়সা, এবং ১ অক্টোবর ছিল ১২৩ টাকা ৩ পয়সা।