বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার নির্ধারণ করেছে। রোববার ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ হাজার ডলারের মধ্যে বিদেশে যাত্রার সময় নগদে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার ব্যবহার করা যাবে, বাকি অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা এবং নাগরিকদের ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা সহজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ, প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত পরিমাণের সর্বোচ্চ ৫০ শতাংশ তারা ব্যয় করতে পারবে।
নতুন এই কোটা প্রতি পঞ্জিকাবর্ষে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) প্রযোজ্য হবে।