বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে। রোববার (৬ সেপ্টেম্বর) এ সম্পর্কে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ বছরের কম বয়সী শিশুদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ৯ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
তবে, মার্কিন ডলারের নোট আকারে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে বিদ্যমান সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট নেওয়ার সুযোগ থাকবে।