গোপালগঞ্জের বিস্তীর্ণ বিলে ফুটে উঠেছে সাদা শাপলা, যা শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং স্থানীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এই শাপলা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে চার মাসে কোটি টাকার বাণিজ্য করে থাকে।
সিংগা বিল, চান্দার বিল, মোল্লার বিলসহ গোপালগঞ্জের শতাধিক বিল ও নিম্নাঞ্চল এখন সাদা শাপলার চাদরে ঢাকা। কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য এই শাপলাই হয়ে উঠেছে বাড়তি আয়ের উৎস।
প্রতি বছর আষাঢ় মাসের প্রথম থেকেই শাপলা সংগ্রহ শুরু হয়। স্থানীয়রা প্রতিদিন ভোরে ডিঙ্গি নৌকা নিয়ে বিলের পানিতে নামেন। তারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে শাপলা তুলে স্থানীয় হাট-বাজারে বা পাইকারদের কাছে বিক্রি করেন।
শুধু স্থানীয় বাজারেই নয়, শাপলা দেশের বিভিন্ন অঞ্চলে, যেমন চট্টগ্রাম, ঢাকা, খুলনা, যশোরে পাঠানো হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মামুনুর রহমান জানান, ‘আষাঢ় থেকে আশ্বিন-প্রায় চার মাস চলে শাপলার বেচাকেনা। পুরো মৌসুমে বিক্রি হয় ৫ থেকে ৬ কোটি টাকার শাপলা।’
সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও আধুনিক বাজারব্যবস্থা গড়ে তোলা গেলে শাপলা ঘিরে এখানকার অর্থনীতি বিকশিত হবে। এতে কর্মহীন মানুষের জন্য টেকসই আয়ের পথ তৈরি হবে।