বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটের কারণে সাভার চামড়া শিল্প নগরীতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি বন্ধ থাকায় মূল্যবান চামড়া নষ্ট হচ্ছে।
গত ২ সেপ্টেম্বর দুপুরে সাভার চামড়া শিল্প নগরীর আইয়ুব ব্রাদার্স ট্যানার্সে বিদ্যুৎ না থাকায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল। প্রায় ঘণ্টা খানেক লোডশেডিংয়ের পর বিদ্যুৎ আসার পর মেশিনারিজ চালু হয়।
একাধিক ট্যানারি কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, প্রতিদিন দুই থেকে তিনবার লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এ ছাড়া, তীব্র গ্যাস সংকটও সমস্যা সৃষ্টি করছে।
কিছু ট্যানারি এলপিজি গ্যাস ব্যবহার করে উৎপাদন সচল রাখার চেষ্টা করলেও, এই উপায়ে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গেছে। উদ্যোক্তারা এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ট্যানারি মালিকরা দ্রুত সংকট সমাধানের তাগিদ দিয়েছেন। বর্তমানে সাভার চামড়া শিল্প নগরীতে ১৪২টি ট্যানারি চালু রয়েছে। বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানিয়েছেন, চামড়া শিল্প নগরীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে এবং গ্যাস সংকট নিরসনে নিয়মিত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন।