এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে বাংলাদেশ ৫০ দশমিক ২৩ বিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৩১ দশমিক ২৭ বিলিয়ন ঘনফুট।
বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে সরবরাহব্যবস্থা চাপে পড়েছে।
এই পরিস্থিতিতে দেশে গ্যাস সংকট আরও প্রকট হয়ে উঠেছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বৃদ্ধির ফলে দেশের জ্বালানি সরবরাহে বিকল্প উৎসের গুরুত্ব বাড়ছে।