বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম কার্যকর হবে এদিন সকাল ১০টা থেকে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এই দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।