বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমাতে বাংলা কিউআর কোড ব্যবহারের ওপর জোর দিচ্ছে। আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা বাংলা কিউআর।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে প্রতারণার ঘটনা কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি পাবে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ছোট থেকে বড় সব ধরনের নগদবিহীন লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদে করা যাবে।
এখন থেকে দোকানদারদের জন্য নগদ, বিকাশ, রকেটসহ ভিন্ন ভিন্ন কিউআর কোড রাখতে হবে না। যেকোনো গ্রাহক সহজেই লেনদেন করতে পারবেন, ফলে নগদ টাকার ব্যবহার কমে যাবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার জানান, তারা ক্যাশলেস লেনদেনকে সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছেন। ডিজিটাল এই পদ্ধতির মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেলে টাকা ছাপানোর খরচ কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিংমলে নগদ টাকার লেনদেনের ঝুঁকি কমবে বাংলা কিউআর ব্যবহারে। এছাড়া দেশের রাজস্ব আয় বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তবে নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিজিটাল লেনদেনে মোট ৮১ হাজার ৪২৩টি প্রতারণার ঘটনা ঘটেছে, যাতে প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।