বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আবারও বিপ্লবের ডাক দিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশে তিনি এ ডাক দেন এবং সকলকে বিপ্লবের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দেন।
সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবি জানানো হয়েছে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর গুম খুনের বিচারের প্রতিশ্রুতি ভুলে গেছে এবং দলীয় অনুগত লোকদের প্রশাসনে বসাচ্ছে। তিনি বলেন, দেশকে আবারও এক দলীয় ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই আরেকটি বিপ্লবের প্রয়োজন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ অসংখ্য গুম খুন করেছে, কিন্তু সরকার বিচার করতে ব্যর্থ হয়েছে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগের দাবি জানান।
সমাবেশে অন্যান্য দলের নেতারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়াকে ধীরগতির মধ্যে রাখা হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এ সব ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে পূর্ব ঘোষিত ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে এই জোট।