ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্বজন ও নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান বিজু, যিনি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, তার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে অবস্থান করছিলেন। সেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রস্তুতি চলছিল।
এসময় পুলিশ এসে বিজুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর উপস্থিত নেতাকর্মী ও স্বজনেরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে ধস্তাধস্তির মধ্যে বিজুকে ছিনিয়ে নেওয়া হচ্ছে।
এ ঘটনার পর উপস্থিত জনতা ব্যাপক শোরগোল করে। তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সেখানে যাওয়ার খবর পেয়ে বিজু পালিয়ে যান এবং তার মোবাইল পুলিশ হেফাজতে রয়েছে।