মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে যুক্ত হতে পারে চার উদ্যোগে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশ চীনের চার উদ্যোগে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে।

প্রধানমন্ত্রীর চীন সফরে যুক্ত হতে পারে চার উদ্যোগে বাংলাদেশ

চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় এই ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে, এতে বাংলাদেশের ভূরাজনীতিতে গুরুত্ব বৃদ্ধি পাবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে এই চারটি উদ্যোগ ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন, টেকসই উন্নয়ন অর্জনই এর মূল লক্ষ্য। তবে বিশ্লেষকেরা মনে করছেন, এর উদ্দেশ্য ভারত ও প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলকে ঠেকানো।

বাংলাদেশকে ৫ বছর আগে এই উদ্যোগে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, দেশটি ভূরাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে এতদিন কোনো জোটে যোগ দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সরকার জাতীয় স্বার্থে যেকোনো উদ্যোগে শামিল হতে চায়।

প্রধানমন্ত্রীর সফরের সময় চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যুক্ত হওয়ার ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, ‘ডেভেলপমেন্ট বা সিকিউরিটি ইনিশিয়েটিভ—এগুলোর কোনো কনক্রিট রূপ দেওয়া খুব মুশকিল।’

তিনি আরও বলেন, ‘এগুলোতে যোগ দিলে যদি অনেকগুলো পার্টি হয় অফিসিয়ালি, এতে আমাদের হারানোর কিছু নেই। কারণ এখানে আমাদের বড় ধরনের কোনো কমিটমেন্ট নেই।’

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওবায়দুল হক বলেন, ‘চীন কীভাবে এগোতে চায়, সেটার সঙ্গে আমরা কীভাবে মার্জ করতে পারি, সে সিদ্ধান্ত আমাদের নিতেই হবে। আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান করা যায় না।’

ঢাকা থেকে মালয়েশিয়া হয়ে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামী ২৬ জুন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

বিজ্ঞাপন