ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জুবায়ের বলেন, ‘মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তার জন্য আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।’
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, হামলার জন্য দায়ী বহিরাগতদের উসকানির কথা উল্লেখ করে তারা বলেন, ‘এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা কোনো উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনোই প্রশ্রয় দেয় না।’ তিনি জানান, ঘটনার পেছনে প্রকৃতপক্ষে কারা জড়িত তা খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে।
জামায়াতের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার এই ক্রান্তিলগ্নে গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকা জরুরি।’