বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

মাদরাসা ও কারিগরি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র, কার্যকর আগামী বছর

আগামী বছর থেকে মাদরাসা ও কারিগরি শিক্ষার পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র কার্যকর হবে।

মাদরাসা ও কারিগরি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র, কার্যকর আগামী বছর

আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং পরীক্ষার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। ঢাকা শিক্ষাবোর্ড, ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মিলন বলেন, শিক্ষাখাতে বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি ও মাদরাসা বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নে হবে। তিনি উল্লেখ করেন, কারিগরি শিক্ষার্থীরা ইংরেজি ও বাংলা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে একশ নম্বরের পরীক্ষা দেয়, কিন্তু এটি হবে কমন, সবার সাথে।

মন্ত্রী সভায় জানান, কোনো স্কুল-কলেজে নকল পাওয়া গেলে সেখানকার প্রধানকে আইনের আওতায় আনা হবে। প্রশ্ন বিতরণে ভুল বা কোড বিভ্রাট ঘটলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এছাড়া, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক অবসর ভাতা পাননি, তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে তা চালুর কথাও সভায় জানান শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন