দেশের অন্যতম বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯১তম জন্মদিন আজ মঙ্গলবার (২৩ জুন)। তিনি ১৯৩৬ সালের আজকের দিনে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।
অধ্যাপক চৌধুরীর পিতা হাফিজউদ্দীন চৌধুরী ও মাতা আছিয়া খাতুন। তার স্ত্রী প্রয়াত ড. নাজমা জেসমিন চৌধুরী এবং দুই মেয়ে রওনক আরা চৌধুরী ও শারমীন চৌধুরী।
শিক্ষাজীবন শুরু হয় ঢাকার বিক্রমপুরে। পরবর্তীতে রাজশাহী ও কলকাতায় পড়াশোনা করেন। দেশভাগের পর ঢাকায় ফিরে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিক, নটর ডেম কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন।
১৯৬০ সালে যুক্তরাজ্য থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ১৯৬৮ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা, সাহিত্য, সমাজচিন্তা ও সংস্কৃতি বিষয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১২৪টি।
দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। তার লেখালেখি, গবেষণা ও সমাজ বিশ্লেষণ দেশের বুদ্ধিবৃত্তিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।